সরকারি গাছ কেটে বিক্রি করলেন সাবেক বিএনপি নেতা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনা অনুমতিতে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় গত সোমবার ও মঙ্গলবার বড় আকারের আটটি গাছ কেটে ফেলা হয়। অভিযোগ রয়েছে, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল মনছুর ৫ থেকে ৬ জন কর্মী নিয়ে এসব গাছ কেটে বিক্রি করেছেন।
বিষয়টি জানাজানি হলে বুধবার সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাকি গাছ কাটা বন্ধের নির্দেশ দেন।
অভিযোগের বিষয়ে আবুল মনছুর দাবি করেন, ২০০১ সালে বিএনপি সরকারের সময় গ্রাম সরকার কমিটির উদ্যোগে সরকারি অর্থায়নে এসব গাছ রোপণ করা হয়েছিল। তিনি আরও বলেন, তৎকালীন বিএনপি নেতাদের দাবির ভিত্তিতে এবং প্রশাসনের অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা জানান, ঈদ উপলক্ষে দলের নেতাকর্মীদের উপহার দেওয়ার জন্যই এসব গাছ কাটা হয়েছে। ইতোমধ্যে ছয়টি গাছ প্রায় অর্ধলাখ টাকায় বিক্রি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, গাছ কাটার কোনো বৈধতা নেই।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন, আবুল মনছুর আগে বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন, তবে বর্তমানে ওই কমিটি নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, সরকারি গাছ কাটার ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক। বিনা অনুমতিতে গাছ কাটার কোনো সুযোগ নেই এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।