সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

ছবি: সংগৃহীত

সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য, শ্রমিক ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুর ও উলাইল এলাকায় এসব ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ সাত পুলিশ সদস্য এবং তিন সাংবাদিক রয়েছেন। আহত সাংবাদিকরা হলেন ৭১ টেলিভিশনের রায়ইন ও উজ্জল এবং স্টার নিউজের সিরাজি।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা পঞ্চম দিনের মতো ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হেমায়েতপুরের তৈরি পোশাকশ্রমিকরা। বুধবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা দলে দলে মহাসড়কে এসে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, আন্দোলনকারী কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত না করা এবং আগে আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দেওয়া।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল থেকে প্রায় দুই ঘণ্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।

বুধবার সংঘাত এড়াতে সকাল থেকেই হেমায়েতপুর ও পদ্মার মোড় এলাকার ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

সকাল ১০টার দিকে হেমায়েতপুরের স্ট্যান্ডার গ্রুপের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশকে সহায়তা করতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

অন্যদিকে, সাভারের উলাইল এলাকায় আল মুসলিম গ্রুপের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ বেশ কয়েকজন শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে আহত হয়েছেন। পরে তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, পদ্মার মোড়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি শান্ত হলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

আহত সাংবাদিকদের বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার ভিডিও ধারণের সময় শ্রমিকরা তাদের ওপর হামলা করেন।

অন্যদিকে, আশুলিয়ায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দু-একটি কারখানার শ্রমিকরা বের হওয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970