খুলনায় ডাকাতের গুলিতে আরেক ডাকাত নিহত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম
খুলনার দৌলতপুর এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চলাকালে ডাকাতদের নিজেদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ব্যবসায়ী।
বৃহস্পতিবার রাত প্রায় পৌনে ৩টার দিকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম ওই গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি এলাকায় মোবাইল ব্যাংকিং এজেন্ট ও ফ্লেক্সিলোডের ব্যবসা পরিচালনা করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতের দিকে তাহিদুল ইসলাম তার দোকান বন্ধ করে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একদল ডাকাত তাকে লক্ষ্য করে হামলা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাত দলের মধ্যেই গোলাগুলির ঘটনা ঘটে এবং এতে তাদের একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত তাহিদুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দিঘলিয়া থানার উপপরিদর্শক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
নিহত ব্যক্তির মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।