যশোরে তেল পাম্পে সিরিয়াল নিয়ে যুবদল–ছাত্রদলের সংঘর্ষে আহত ১০

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলায় তেল পাম্পে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তেলের সিরিয়াল নিয়ে প্রথমে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন যুবদল নেতা রিয়াদ, কর্মী শামীম হোসেন (২৭), কাজল (৩৮), টনি (৩৩) এবং ছাত্রদল কর্মী বাবু। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন, সংঘর্ষে জড়িতরা দলের কোনো পদধারী নেতা নন, তারা কর্মী। তিনি আরও দাবি করেন, ঘটনাটি ছোট একটি বিষয় হলেও তা অতিরঞ্জিত করা হচ্ছে। অন্যদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন জানান, এটি দুই পক্ষের ভুল বোঝাবুঝি থেকে সংঘটিত হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970