নারায়ণগঞ্জে স্কুলের ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে ৫ শিক্ষার্থী আহত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৩৫ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় শ্রেণির প্রাঞ্জল ও জাহানারা রয়েছে। বাকি আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মশিউর রেজা সজীব জানান, তিনি বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন। ক্লাসরুমে প্রবেশের পরপরই হঠাৎ সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। সৌভাগ্যক্রমে ফ্যানটি কারও মাথায় না পড়লেও পাঁচজন শিক্ষার্থী আহত হয়।
তিনি বলেন, ফ্যানটি যদি সরাসরি কারও মাথায় পড়ত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, প্রধান শিক্ষকের আমন্ত্রণে তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন। সেখানে থাকার সময়ই এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং দ্রুত নতুন ভবন নির্মাণ প্রয়োজন।
ক্লাসে থাকা সহকারী শিক্ষক সেলিনা আক্তার বলেন, চলন্ত সিলিং ফ্যান হঠাৎ জয়েন্টের পাইপ থেকে খুলে পড়ে যায়। এতে পাঁচ শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয়। তাদের দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে বলে তিনি জানান।
নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।