জামিনে মুক্তির এক সপ্তাহের মাথায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আব্দুল কুদ্দুস মোয়াজ শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার মাছ ব্যবসায়ী ফজু মিয়ার ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

তিনি শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুরে এক ছাত্র হত্যার মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয় এবং পরে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়। দীর্ঘ প্রায় সাত মাস কারাভোগের পর গত সপ্তাহে তিনি জামিনে মুক্তি পান এবং নিজ বাড়ি শেরপুরে ফিরে যান।

পরিবারের দাবি, মুক্তির সময় তার কোনো শারীরিক জটিলতা ছিল না। তবে মঙ্গলবার তিনি ঢাকায় আসেন এবং লালবাগ এলাকার একটি বাসায় ওঠেন। বুধবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মো. আব্দুল খালেক জানান, বুধবার বিকেলে শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। মৃত্যু সনদ পাওয়া গেলে সেটি আদালতে উপস্থাপন করা হবে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970