কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার: জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:৩১ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক সময়ের আতঙ্কের জনপদ জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ।
শুক্রবার বিকেলে এলাকা পরিদর্শনে গিয়ে সদ্য যোগদান করা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম স্থানীয়দের আশ্বস্ত করেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পাশে থাকবে।
পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি সন্ত্রাসীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “আপনারা সহযোগিতা করলে কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার।”
তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরের মানুষ এখন থেকে ভয়ভীতি ছাড়া স্বাভাবিকভাবে বসবাস ও চলাফেরা করতে পারবে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি জানান।
খোঁজ নিয়ে জানা যায়, এক সময় অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর এখন অনেকটাই শান্ত হয়ে উঠেছে। দীর্ঘদিনের চেষ্টার পর গত ৯ মার্চ প্রায় তিন হাজার একশত তিরাশি জন সদস্যের একটি বড় যৌথ অভিযানের মাধ্যমে পুরো এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু রয়েছে। এস এম পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পে প্রায় একশ ত্রিশ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। আলীনগর উচ্চ বিদ্যালয় ক্যাম্পে র্যাব, পুলিশ ও এপিবিএন মিলিয়ে প্রায় দুইশ ত্রিশ জন সদস্য অবস্থান করছেন।
এলাকাটিকে সম্পূর্ণভাবে স্থিতিশীল ও নিরাপদ জনপদে পরিণত করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।