ফেনী সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করল বিজিবি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:০২ পিএম
ফেনী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রোববার সকালে ফেনী ব্যাটালিয়ন-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পরিস্থিতিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সব বর্ডার আউটপোস্ট ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, মাদক, গবাদিপশু ও বিভিন্ন পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন এলাকায় বিশেষ অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান চলমান থাকবে এবং বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।