মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকসহ দুজনের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:২২ পিএম
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় এসব ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আইয়ুব আলী। তবে কমলগঞ্জে মারা যাওয়া অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের কৃষক আইয়ুব আলী সকালে মনু নদীর পাশের জমিতে ধান কাটছিলেন। দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বিদ্যুৎ চমকাতে থাকে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, বজ্রপাতের আঘাতে আইয়ুব আলীর শরীরের এক পাশের পাঁজর ঝলসে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া।
এদিকে, কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা-বাগান এলাকায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।