পরিচয় মিললো পাটওয়ারীর ওপর হামলায় অস্ত্র বের করা তরুণের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:২৩ এএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ভিডিওতে অস্ত্রসদৃশ বস্তু হাতে এক তরুণকে দেখা যাওয়ার পর তার পরিচয় প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, আকাশি রঙের গেঞ্জি পরা এক তরুণ হামলার সময় পকেট থেকে অস্ত্রসদৃশ একটি বস্তু বের করেন। পরে পাশের একজন তাকে থামালে তিনি সেটি আবার পকেটে রেখে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণের নাম আশিক মণ্ডল। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের বাসিন্দা এবং এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি করা হচ্ছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২২ মে) ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ এলাকায়। জুমার নামাজ শেষে নেতা-কর্মীদের সঙ্গে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের অন্তত পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে আকাশি রঙের গেঞ্জি পরা ১৫ থেকে ২০ জনকে সক্রিয়ভাবে দেখা গেছে।

এ ঘটনায় ছাত্রদল অভিযোগ করে বলেছে, অস্ত্রসদৃশ বস্তু হাতে থাকা ওই তরুণ একটি ‘গোপন সংগঠনের’ সদস্য এবং পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন বলেন, “অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ অস্বীকার করেছে। দলটির ঝিনাইদহ জেলা যুগ্ম সমন্বয়কারী হামিদ পারভেজ বলেন, আকাশি গেঞ্জি পরা তরুণরা তাদের স্বেচ্ছাসেবক ছিলেন। আশিকের হাতে আগ্নেয়াস্ত্র নয়, একটি ‘চায়না স্টিক’ ছিল, যা নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়।

তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলে কোনো অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970