রংপুরে পানিতে ডুবে বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:০৭ পিএম
রংপুরে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার নগরীর পানবাড়ী এলাকার ঘাঘট নদী এবং পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার, সজিব মিয়ার ৬ বছর বয়সী ছেলে রাজীব মিয়া এবং শাহজাহান মিয়ার ৪ বছর বয়সী মেয়ে সেনাতুল আক্তার। দুই শিশু সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাইবোন।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর পানবাড়ী এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন শিহাব শাহরিয়ার। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়। তিনি নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার বাসিন্দা মুকুট মিয়ার ছেলে।
এদিকে পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় দুই শিশু। পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করলে একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
একই দিনে পৃথক দুটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।