চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৩ জুন) সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত পৌনে ১টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে দুইজন পুরুষ, আটজন নারী এবং পাঁচজন শিশু ছিল।
বিজিবির তথ্য অনুযায়ী, বিএসএফ সদস্যরা একটি নৌকার মাধ্যমে ওই ব্যক্তিদের নদীপথে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। নৌকাটি শূন্যরেখার কাছাকাছি এলে বিজিবি সদস্যরা বাধা দেন। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
পরে রাত পৌনে ৩টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।