নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৫৯ এএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। গ্রেপ্তার হওয়া শেখ আরাফাত উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ আরাফাতের বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর, বিস্ফোরক আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। তবে আত্মগোপনে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত সক্রিয় ছিলেন। কয়েক দিন আগে তার নেতৃত্বে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনার প্রতিবাদে গত শুক্রবার উপজেলা বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করে।
ওসি মো. মিজানুর রহমান বলেন, শেখ আরাফাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছিল। শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশের অভিযানে তিনি গ্রেপ্তার হয়েছেন।
তিনি আরও জানান, এখনও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র হাতে না পেলেও ঢাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।