নওগাঁ সীমান্তে ২১ ঘণ্টার চেষ্টাও ব্যর্থ, ৯ জনকে নিয়ে পিছু হটল বিএসএফ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:১২ পিএম
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। প্রায় ২১ ঘণ্টাব্যাপী এ প্রচেষ্টা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে সফল হয়নি।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
জানা যায়, বুধবার ভোরে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের উত্তর পাতাড়ি এলাকা দিয়ে ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর উদ্যোগ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে খবর পাওয়ার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করে বিজিবি।
বিজিবির কঠোর অবস্থান ও সার্বক্ষণিক তৎপরতার কারণে ওই ব্যক্তিদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করানো সম্ভব হয়নি। এ সময় স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান নিয়ে সীমান্ত এলাকায় উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন জানান, সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ সেখানে জড়ো হন। বিজিবির সদস্যদের সঙ্গে স্থানীয়রাও পরিস্থিতির ওপর নজর রাখেন। তিনি বলেন, বিজিবি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছে এবং কাউকে দেশে প্রবেশ করতে দেয়নি।
বিজিবির অধিনায়ক জানান, খবর পাওয়ার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়। রাতের একপর্যায়ে সীমান্তের আলো নিভিয়ে দেওয়া হয়। পরে অন্ধকারের সুযোগে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলে ওই ৯ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোরে সেখানে আর কাউকে দেখা যায়নি।
তিনি আরও জানান, সীমান্তের ওই এলাকায় এখনো বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে।
উল্লেখ্য, ফিরিয়ে নেওয়া ৯ জনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু ছিলেন।