শাপলা তুলতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নদীতে গোসল ও শাপলা তুলতে গিয়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন কালসোনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আকলিমা খাতুন (১৮), দুলালী খাতুন (২১) ও সুরভি খাতুন (১০)। তারা সবাই একই পরিবারের সদস্য।
স্থানীয়দের ভাষ্য, দুপুরে আকলিমা খাতুন তার দুই ননদকে সঙ্গে নিয়ে ভাদুড়িয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালসোনা নদীতে গোসল ও শাপলা তুলতে যান। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন।
একপর্যায়ে নদীর ঘাট থেকে কিছু দূরে তিনজনকে পানিতে ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ জানান, নিহত তিনজনের কেউই সাঁতার জানতেন না। একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।