নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। বুধবার (৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা কলেজ ক্যাম্পাস ছাড়িয়ে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। স্থানীয় কয়েকজন দোকানদার দাবি করেন, কিছু ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে।

সংঘর্ষে আহতদের মধ্যে ছাত্রশিবিরের তোলারাম কলেজ শাখার সভাপতি ইমদাদুল হক শুভ, সেক্রেটারি তামিম, অর্থ সম্পাদক জুহাস, মহানগর শাখার সভাপতি অমিত হাসান ও আরিফুল ইসলাম রয়েছেন। অন্যদিকে ছাত্রদলের কর্মী ফয়সাল, রবিন ও তুহিন আহমেদসহ আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের কেউ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন, আবার কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম বলেন, অনুষ্ঠান শেষে কলেজ গেটের বাইরে সংঘর্ষের খবর পেয়ে প্রশাসনকে জানানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ছাত্রশিবিরের মহানগর শাখার সভাপতি অমিত হাসান অভিযোগ করেন, কলেজের ভেতরে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং এতে তিনিও আহত হয়েছেন। অন্যদিকে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি মনির হোসেন জিয়া দাবি করেন, ছাত্রশিবিরের হামলায় তাদের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970