ডিবি পুলিশ দেখে দৌড়ে খালে ঝাঁপ, ডুবে প্রাণ গেল কলেজছাত্রের
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:৫৫ পিএম
নেত্রকোনায় টহলরত জেলা গোয়েন্দা পুলিশকে দেখে দৌড়ে পালানোর সময় খালের পানিতে পড়ে সাব্বির শেখ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সদর উপজেলার হরিখালি খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির শেখ নেত্রকোনা শহরের মেছুয়াবাজার এলাকার ব্যবসায়ী নাদিম শেখের ছেলে। তিনি আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের নয় সদস্যের একটি দল মাদকবিরোধী অভিযানে মোটরসাইকেলে করে যাচ্ছিল। দলের নেতৃত্বে ছিলেন ডিবির (পশ্চিম) উপপরিদর্শক রাজন মিয়া। হরিখালি খালের কাছে পৌঁছালে সাব্বিরসহ কয়েকজন যুবক দূর থেকে পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তারা পাশের খালে ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির পানিতে ডুবে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সড়কের পাশে নিয়ে আসেন। এরপর ডিবি পুলিশের সদস্যরা দ্রুত নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাজহারুল আমিন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সাব্বিরকে হাসপাতালে আনা হয়। ইসিজি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার কাপড়চোপড় ভেজা ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের বোন পূর্ণিমা আক্তার জানান, সাব্বির নিয়মিত বাবার মেছুয়াবাজারের দোকানে বসতেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি এক বন্ধুর সঙ্গে দোকান থেকে বের হন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, ডিবি পুলিশকে দেখে দৌড়ে পালানোর সময় তিনি খালের পানিতে পড়ে মারা গেছেন। তিনি আরও বলেন, সাব্বির সাঁতার জানতেন না।
পূর্ণিমা আক্তারের দাবি, তার ভাই কোনো মামলার আসামি ছিলেন না এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন না। তাই তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, যুবকেরা পুলিশকে দেখে কেন পালানোর চেষ্টা করেছিলেন, তারা কোনো মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কীভাবে সাব্বির পানিতে পড়ে মারা গেলেন—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।