তরুণীর অভিযোগ ভারতের থানায়, জামালপুরে প্রেমিক গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ভারতীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তার হওয়া মোস্তাফিজুর রহমান মেহেদীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একেএম মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে দুজন নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান করেন।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। শুধু তাই নয়, সেগুলো তরুণীর স্বজনদের কাছেও পাঠিয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে বিষয়টি জামালপুরের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে জানানো হলে গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনের তথ্য ও ডিজিটাল আলামত বিশ্লেষণ করে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে। গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।