আওয়ামী লীগ শত্রু নয়, আমাদের মিত্র: সমাবেশে এমপি নাছির চৌধুরী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বিএনপির শত্রু নয়, বরং তারা মিত্র। অতীতে উভয় দল একসঙ্গে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার দিরাই উপজেলায় আয়োজিত ‘জুলাই স্মরণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাছির চৌধুরী।

তিনি বলেন, এ সমাবেশই বিএনপির মূল কর্মসূচি। আগামী ৮ আগস্ট বিএনপির নামে যারা পৃথক সমাবেশের উদ্যোগ নিচ্ছে, তারা দলের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিজের বিরুদ্ধে চলমান বিভিন্ন অভিযোগ ও অপপ্রচারেরও জবাব দেন নাছির চৌধুরী। তিনি বলেন, তার কোনো ভাই নেই এবং তিনি একাই চলেন। এমনকি তার বাসাও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। যারা দলের নাম ব্যবহার করে অনিয়ম বা দুর্নীতির সুযোগ পাচ্ছে না, তারাই তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন।

লুটপাটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে কত টাকা বরাদ্দ এসেছে, তা জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেন তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম, সেজু মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সদস্য কয়সর ইসলাম, সোহেল মিয়া, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান ও নুরুল হক তালুকদারসহ আরও অনেকে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970