ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন। এ সময় ভাসমান বাজারের বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে নৌকায় চড়ে ভীমরুলী এলাকার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার ও আশপাশের পেয়ারা বাগান ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত।

পরিদর্শনকালে তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন। এ সময় পেয়ারা চাষের পদ্ধতি, ফলন, উৎপাদন এবং বাজারজাতকরণ প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ব্যতিক্রমী ভাসমান বাজার তাকে অত্যন্ত মুগ্ধ করেছে। এখানকার কর্মচাঞ্চল্য, কৃষকদের কঠোর পরিশ্রম এবং পেয়ারার গুণগত মানও তার কাছে আকর্ষণীয় বলে জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত আরও জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কয়েকটি উষ্ণ অঞ্চলেও সীমিত পরিসরে এ ধরনের পেয়ারা চাষ হয়ে থাকে।

ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। প্রতি বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও এ বাজারে ভিড় করেন।

মার্কিন রাষ্ট্রদূতের এই সফর স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের মধ্যে উৎসাহ তৈরি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970