মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৪ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির পক্ষ থেকে ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, চাপাতলা সীমান্ত এলাকা দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্র ক্যাম্পের সদস্যরা ২ জন পুরুষ, ১ জন নারী ও ১ শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি খালিশপুর ৫৮ বিজিবির কুসুমপুর বিওপির নিয়মিত টহল দলের নজরে আসে।
পরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। এতে বিএসএফ সদস্যরা ওই ৪ জনকে বাংলাদেশে পাঠাতে ব্যর্থ হয়।
বিজিবি আরও জানিয়েছে, বর্তমানে ওই ৪ জন সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি কলাবাগানে অবস্থান করছেন।
এ ঘটনায় ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিজিবি।