বই খুলে পরীক্ষা, ভিডিও করতে গেলে সাংবাদিকদের মারধর

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:৩০ পিএম

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে দুই সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি বুম মাইক্রোফোন নিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) কাজিপুর ডিগ্রি কলেজে বিএ/বিএসএস প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। হামলায় নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত সাংবাদিক রাব্বি আহমেদ অভিযোগ করেন, ৫০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজে যান। সেখানে গিয়ে কয়েকজন পরীক্ষার্থীকে বই দেখে পরীক্ষা দিতে দেখেন তারা। বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে মনিরুজ্জামান বিপ্লবসহ কলেজের কয়েকজন শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিক তারেক হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা কয়েকজন পরীক্ষার্থীকে বই দেখে পরীক্ষা দিতে দেখেন। এ বিষয়ে জানতে চাইলে দুই শিক্ষক তাদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, হামলার পর তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে কৌশলে তারা সেখান থেকে বের হয়ে আসেন। এ ঘটনায় গাংনী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের পক্ষ থেকে থানায় এসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, হামলার কারণ কী এবং সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নেওয়া হয়েছে কি না সবকিছু খতিয়ে দেখা হবে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970