৪০ বছরের মুয়াজ্জিনের বিদায়, ঘোড়ারগাড়িতে বাড়ি পৌঁছে দিলেন মুসল্লিরা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে টানা ৪০ বছর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন শেষে মো. শুক্কুর আলীকে (৭০) ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানিয়েছেন মুসল্লি ও এলাকাবাসী। ঘোড়ারগাড়িতে চড়িয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে শুক্কুর আলীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকতা শেষে তাকে ঘোড়ারগাড়িতে বসিয়ে বাড়িতে নিয়ে যান স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।

শুক্কুর আলীর বাড়ি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায়। দীর্ঘ ৪০ বছর তিনি ওই মসজিদে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়ে আসছিলেন। ইমাম অনুপস্থিত থাকলে নামাজও পড়াতেন তিনি।

মসজিদের মুসল্লি রিপন মিয়া বলেন, শুক্কুর আলী অত্যন্ত সাদাসিধে মানুষ। দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে তিনি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। তার মতো একজন মানুষকে বিদায় দিতে পেরে মুসল্লিরাও আবেগাপ্লুত।

স্থানীয়রা জানান, সাধারণত কাউকে বিদায় দেওয়ার ক্ষেত্রে প্রচলিত যানবাহন ব্যবহার করা হয়। তবে দীর্ঘদিনের মুয়াজ্জিনকে ঘোড়ারগাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়ার আয়োজনটি ছিল ব্যতিক্রমী। এতে তার প্রতি মুসল্লি ও এলাকাবাসীর ভালোবাসা ও সম্মানের বহিঃপ্রকাশ ঘটেছে।

মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন বলেন, বার্ধক্যের কারণে শুক্কুর আলী স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছেন। তাই তার দীর্ঘদিনের সেবার প্রতি সম্মান জানিয়ে ঘোড়ারগাড়িতে করে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহারও দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970