বাবার দেওয়া বিলাসবহুল গাড়ির কাগজ নেই, কক্সবাজারে ৩টি গাড়ি জব্দ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০৬ এএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলের পার্কিং থেকে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৈধ আমদানি ও ক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় শুক্রবার (২৮ আগস্ট) সকালে গাড়িগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, ‘ইউজড কার পার্টস’ ঘোষণা দিয়ে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ আমদানি করে পরে সেগুলো সংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ গাড়ি তৈরি করে শুল্ক ফাঁকির একটি কৌশলের তথ্য পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারে তিনটি বিলাসবহুল গাড়ির সন্ধান পান কর্মকর্তারা।

শুক্রবার কক্সবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বলেন, জব্দ করা তিনটি গাড়িই জাপানি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। তবে গাড়িগুলোর মডেল, ইঞ্জিনের ক্ষমতা ও প্রকৃত মূল্য তদন্তের পর নির্ধারণ করা হবে।

তিনি জানান, জব্দ করা দুটি গাড়িতে কোনো নম্বর প্লেট ছিল না। সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়ি দুটির নিবন্ধন প্রক্রিয়াধীন বলে দাবি করলেও এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।

জিজ্ঞাসাবাদে গাড়িগুলোর সঙ্গে থাকা ব্যক্তিরা দাবি করেন, তাদের বাবারা উপহার হিসেবে গাড়িগুলো দিয়েছেন। তবে তাদের এ দাবির সত্যতা নথিপত্র যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, গাড়িগুলো কীভাবে দেশে এসেছে, কোথায় সংযোজন করা হয়েছে এবং আমদানি প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হবে। তদন্তে চোরাচালানের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক প্রণয় চাকমা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970