কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, মূলহোতা গ্রেফতার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:১২ এএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলায় ডাকাতি ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম মূলহোতা জিসানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে জিসানকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডলনী ঘোনা সিকদারপাড়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে।

পুলিশ জানায়, জিসানকে গ্রেফতারে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ৮-১০ সদস্যের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিসান পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি একটি খালে ঝাঁপ দেন। পরে পুলিশ সদস্যরা খালে সাঁতার কেটে তাকে আটক করতে সক্ষম হন।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ বলেন, পূর্ব বড় ভেওলায় সাম্প্রতিক সময়ে হওয়া তিনটি ডাকাতির মামলার আসামি জিসান। তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে সফল হয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পূর্ব বড় ভেওলায় ডাকাতি ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জিসানসহ এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার আরও কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য সাইদুল ইসলাম মারুফ বলেন, জিসানসহ সাতজন আসামি গ্রেফতার হওয়ায় তারা স্বরাষ্ট্রমন্ত্রী, কক্সবাজারের পুলিশ সুপার, চকরিয়া সার্কেল ও চকরিয়া থানার ওসিসহ অভিযানে সরাসরি জড়িত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, আসামিদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে ভুক্তভোগী পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, পূর্ব বড় ভেওলায় ডাকাতি ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূলহোতাসহ এ পর্যন্ত সাত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত ৮ জুন পূর্ব বড় ভেওলা এলাকায় ১০-১২ জনের একটি ডাকাত দল গ্রিল কেটে একটি বাড়িতে প্রবেশ করে মালামাল লুট করে। এ সময় তারা মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970