বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ এএম
চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদ এলাকার রমনা আবাসিক প্রকল্পের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে একটি সভায় সহকর্মীদের সঙ্গে ছিলেন ছায়েদুর রহমান। এ সময় তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।
পারিবারিক ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী তাদের নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এ সময় ছায়েদুর রহমান স্ত্রীকে দ্রুত বাড়িতে ফিরে আসতে বলেন। পরে বাসায় ফিরে তার স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে হালিশহর থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ছায়েদুর রহমানের তিন মেয়ে। বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছেন। তারা দুজন ঢাকায় থাকেন। মেজ মেয়ে একজন চিকিৎসক এবং তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।