কালিয়াকৈরে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৩
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া থেকে মাওনাগামী আঞ্চলিক সড়কে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নারীসহ ২ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ৪ জন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত ৩ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আলী খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পাশাপাশি মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
কিওয়ার্ড: কালিয়াকৈর সড়ক দুর্ঘটনা, সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, গাজীপুর দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনায় নিহত, চেয়ারম্যান বাজার