আমিনবাজারে এসআইকে পিটিয়ে হত্যা, গুরুতর আহত ছেলে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ছেলে গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেনের বয়স ৫৮ বছর। তিনি এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। আহত তার ছেলে আরিফুল ইসলামের বয়স ২৬ বছর।
নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি পার্কিং করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি মীমাংসা করতে সেখানে যান আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলাম।
একপর্যায়ে ১০ থেকে ১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।
পরে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই এসবির ওই এসআই হামলার শিকার হন। দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়ে তিনি ও তার ছেলে হামলার শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।