বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ, রাতেই মৃত্যু বিএনপি নেতার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম
কুমিল্লার চান্দিনা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। নিজের ইউনিয়ন শুহিলপুরে দিনভর নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগের পর রাতে আকস্মিকভাবে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
গতকাল চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে দিনভর গণসংযোগ করেন সাইফুল ইসলাম খোকন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং নিজের প্রার্থিতার বিষয়ে তাদের সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা ছিল, শেষ পর্যন্ত তিনি হয়তো চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। তবে এ ধরনের আলোচনা নাকচ করে দিয়ে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা জানান তিনি।
এ সময় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে সাইফুল ইসলাম খোকন বলেন, ‘আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’ তার এই বক্তব্যের পর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
দিনভর গণসংযোগ শেষে রাত ৯টার দিকে নিজ বাড়িতে ফিরে যান সাইফুল ইসলাম খোকন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, রাত ১২টার দিকে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করেন তিনি। পরে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে গৌরীপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম খোকনকে মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলাম খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান।
সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার বাড়িতে ভিড় করতে থাকেন। ফজরের নামাজের পর স্থানীয় মসজিদের মাইকে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হলে পুরো এলাকায় শোকের আবহ নেমে আসে।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা এবং নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া তার বক্তব্যকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দিনভর নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে গণসংযোগের পর রাতে তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকে।
তবে সাইফুল ইসলাম খোকনের মৃত্যুর সুনির্দিষ্ট চিকিৎসাগত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।