সমকামী প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর গড়ে ওঠা ঘনিষ্ঠ সম্পর্কের টানে মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরে গেছেন এক তরুণী। তিনি বর্তমানে শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের এক কিশোরীর বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের ওই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় মাদারীপুরের রাজৈর উপজেলার এক তরুণীর। নিয়মিত কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।
সম্প্রতি ওই তরুণী মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরের টুপিপাড়া গ্রামে গিয়ে কিশোরীর পরিবারের বাড়িতে অবস্থান নেন। এর আগে ওই কিশোরীও পরিবারের সদস্যদের না জানিয়ে মাদারীপুরে গিয়ে কয়েক দিন অবস্থান করেছিল বলে জানিয়েছে তার পরিবার। পরে শ্রীপুর ও রাজৈর থানা পুলিশের সহযোগিতায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই ঘটনার পর মোবাইল ফোনে দুজনের আবার যোগাযোগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় মাদারীপুর থেকে তরুণী ফের মাগুরায় গিয়ে কিশোরীর বাড়িতে অবস্থান করছেন।
ওই তরুণী ও কিশোরীর দাবি, মোবাইল ফোনের মাধ্যমে তারা বিয়ে করেছেন। নিজেদের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপনের দাবিও করেছেন তারা।
তবে কিশোরীর পরিবারের দাবি, দুই নারীর মধ্যে এ ধরনের বিয়ে আইনগতভাবে বৈধ নয়। বিষয়টি তারা পুলিশ এবং মাদারীপুরে থাকা ওই তরুণীর পরিবারকে জানিয়েছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে নানা আলোচনা শুরু হলেও এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।