বাঁধনের ওপর হামলার পর মনিরুলের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মনিরুল হাওলাদারের মাদারীপুরের গ্রামের বাড়িতে তালা ঝুলছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর হামলার আশঙ্কায় তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
মনিরুল হাওলাদারের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামে। তিনি ওই এলাকার মৃত শাজাহান হাওলাদারের ছেলে। স্থানীয়দের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধুরাইল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন মনিরুল।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ২৮ লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালিতে যান মনিরুল। এলাকায় থাকাকালে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়দের দাবি, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও তার ছেলে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানের ঘনিষ্ঠ ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, গ্রামের বাড়িতে একটি জরাজীর্ণ দোচালা ঘরে মনিরুলের মা ও ভাই বসবাস করতেন। বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণের টাকাও এখনো পুরোপুরি পরিশোধ করতে পারেননি তিনি। ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা জানাজানি হওয়ার পর তার মা ও বড় ভাই বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন অভিনেত্রীর ওপর হামলার ঘটনায় মনিরুলের শাস্তি দাবি করেছেন তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য মনিরুলকে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মনিরুলের সৎ ভাই ওবায়দুল হাওলাদার বলেন, এখনো মনিরুল বাড়িঘর করতে পারেননি। তার মাথার ওপর ঋণের বোঝা রয়েছে। বিদেশে গিয়ে উপার্জনের বদলে রাজনীতিতে জড়িয়েছেন। মনিরুলের কর্মকাণ্ডের সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন এবং তার বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ঘটনার পর মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কামাল আজাদ। তিনি বলেন, কেউ যাতে বাড়িঘরে হামলা করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও জানানো হয়েছে এবং তিনি সহযোগিতা করছেন।