মাত্র চার মাসে ৩০ পারা কুরআন হিফজ করল ৮ বছরের সাজিদ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পিএম
ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দা বাজার মসজিদ মাদ্রাসা থেকে মাত্র ৪ মাসে ৩০ পারা কুরআনের হিফজ সম্পন্ন করেছে ৮ বছর বয়সী মো. সাজিদুর রহমান সাজিদ।
সাজিদ ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের আনিছুর রহমানের ছেলে। চলতি বছরের এপ্রিল মাসে আমুয়াকান্দা বাজার মসজিদ মাদ্রাসার হিফজ শাখায় ভর্তি হয় সে। তবে অসুস্থতার কারণে মাঝখানে বেশ কিছুদিন মাদ্রাসায় অনুপস্থিত ছিল সাজিদ।
এরপরও মাত্র ৪ মাসে ৩০ পারা কুরআনের হিফজ সম্পন্ন করায় শিক্ষকসহ সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে শিশু সাজিদ।
গত ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে হাফেজ সাজিদুর রহমান সাজিদকে ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা। এ সময় তার কৃতিত্বে সন্তোষ প্রকাশ করেন তারা।