সিলেটে কিশোরীর কোমরে শিকল বেঁধে টানার ভিডিও ভাইরাল, যা জানা গেল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
সিলেট নগরীর শাহজালাল উপশহরে চুরির অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে আটকে রেখে মারধর এবং কোমরে লোহার শিকল বেঁধে রাস্তায় টেনে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
চুরির অভিযোগে কিশোরীটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও তাকে আটককারীদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পরে পুলিশ কিশোরীটিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ আদালতে পাঠিয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আনুমানিক ১৫ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোরীর কোমরে শিকল বাঁধা। এক যুবক শিকল ধরে তাকে রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় কিশোরীটি অঝোরে কাঁদছিল এবং আকুতি জানাচ্ছিল। তবে ভিডিওতে শিকল ধরে থাকা যুবকের মুখ স্পষ্ট দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপশহরের ডি ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন বাসিন্দা কিশোরীটিকে আটক করেন।
অভিযোগ রয়েছে, আটকের পর তাকে মারধর করা হয়। পরে রাত ১১টার দিকে তার কোমরে লোহার শিকল বেঁধে মসজিদ মার্কেট এলাকার সড়কে ঘোরানো হয়। খবর পেয়ে শাহপরাণ রহ. থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ রহ. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীটিকে উদ্ধার করে।
তিনি বলেন, স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, কিশোরীটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টা করেছে। তবে যারা তাকে আটক করেছিলেন, তাদের কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। এমনকি কিশোরীটিকে থানায় আনার পর তারা কোনো ধরনের আইনি সহযোগিতাও করেননি।
ওসি আরও জানান, কোনো সুনির্দিষ্ট অভিযোগকারী বা বাদীপক্ষ না থাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯ এর ৮৯ ধারায় কিশোরীটিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে ঘোরানোর বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, শিকল বেঁধে ঘোরানোর বিষয়টি পুলিশের জানা নেই। তবে চুরির অভিযোগ থাকলেও কারও সঙ্গে এমন অমানবিক আচরণ করা বেআইনি ও অন্যায়।