বরগুনায় নদীর তীরে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীর তীরে তিমিটিকে দেখতে পান। পরে খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেন।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় জোয়ারের স্রোতে সমুদ্র থেকে মৃত তিমিটি ভেসে এসে আন্দারমানিক নদীর তীরে আটকে পড়ে। সকালে কয়েকজন স্থানীয় নদীর তীরে বিশাল আকৃতির বস্তু দেখতে পান। কাছে গিয়ে তারা সেখানে মৃত তিমিটি পড়ে থাকতে দেখেন।
খবরটি ছড়িয়ে পড়লে তিমিটিকে দেখতে নদীর তীরে মানুষের ভিড় বাড়তে থাকে। পরে স্থানীয় বন বিভাগ ও প্রশাসনকে বিষয়টি জানানো হলে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেন।
তিমিটির মৃত্যুর কারণ সম্পর্কে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, সাগর ও নদীর পানির বর্তমান পরিবেশ নিয়ে গবেষণা করা প্রয়োজন। পানির যেকোনো স্তরে সমস্যার কারণে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন।
তিনি বলেন, এ ধরনের গবেষণার জন্য জেলায় কোনো গবেষণাকেন্দ্র নেই। পরিবেশগত সমস্যার কারণেও সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়ে থাকতে পারে।
বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া প্রয়োজন।
তবে তীব্র দুর্গন্ধের কারণে এ মুহূর্তে কোনো শ্রমিক তিমিটির কাছে যেতে পারছেন না বলেও জানান তিনি।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। উপকূলরক্ষী বাহিনীর সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
তিনি আরও জানান, কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।