রাজশাহীতে সামরিক মর্যাদায় সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে গোলাবর্ষণ অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের পর রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে সামাজিক ও সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। পরে সড়কপথে মরদেহ তার জন্মস্থান পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও গ্রামবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া।
পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এবং পরিবারের সদস্য ও হাজারো গ্রামবাসীর অংশগ্রহণে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক গোলাবর্ষণ অনুশীলনের সময় দুর্ঘটনাবশত গোলা বিস্ফোরণে তাসনিম রিফাতসহ দুই সেনাসদস্য নিহত হন।
রিফাতের পারিবারিক সূত্র জানায়, তিন বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মা মারা যান। এবার মাত্র ২৮ বছর বয়সে ছেলেকে হারিয়ে শোকে নির্বাক হয়ে পড়েছেন বাবা আসাদুল ইসলাম। মৃত্যুকালে রিফাত স্ত্রী ও আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।