ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ কমিটি গঠন করে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ মাইনউদ্দিন খান।
তিনি জানান, গতকালের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে তদন্ত কমিটির প্রধান ও সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের দুজন এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি রাখা হয়েছে।
মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, লিফটে আগুন লাগার ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। আগুন লাগার সম্ভাব্য কারণও অনুসন্ধান করা হবে। কারও গাফিলতি পাওয়া গেলে তা চিহ্নিত করার পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তদন্তে অন্য কোনো বিষয় উঠে এলে সেগুলোও বিবেচনায় নেওয়া হবে।
এদিকে অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনের পরিবার জানিয়েছে, তারা পদদলিত হয়ে মারা গেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শাহজাহান, বয়স ৪০ বছর এবং তারাকান্দা উপজেলার বালিখা গ্রামের কুলসুমা, বয়স ৩৫ বছর।
এ ছাড়া ফুলবাড়িয়া উপজেলার জাহানারা, বয়স ৫০ বছর, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে অগ্নিকাণ্ডের পর পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার জানান, ওই তথ্য সঠিক নয়। প্রশাসনের যাচাইয়ে মৃতদের তালিকায় থাকা একজনকে জীবিত পাওয়া যায়।
এ ছাড়া তালিকায় থাকা আরও দুজন স্বাভাবিক কারণে মারা গেছেন বলে তাদের পরিবার নিশ্চিত করেছে। তাদের হাসপাতালে আনার সময়ই মৃত্যু হয়েছিল। অন্যদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
বিভাগীয় কমিশনার জানান, হুড়োহুড়ি ও আতঙ্কের কারণে কয়েকজন আহত হয়েছেন। তবে পদদলিত হয়ে কারও মৃত্যু হয়নি বলে তিনি জানান। ফায়ার সার্ভিসও বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের মধ্যে হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট কাজ করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সময় ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিচে নামার সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন। প্রাথমিকভাবে লিফটে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।