সেই রায়হানের পাশে লোহাগাড়ার ইউএনও
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
ঢাকার রেলওয়ে স্টেশন এলাকায় একটি চক্রের হাতে ডান পা হারিয়ে প্রায় সাত মাস নিখোঁজ থাকার পর বাবার কাছে ফিরে আসা লোহাগাড়ার চুনতি সাতগড় নয়াপাড়ার দিনমজুর নাজিমের ১২ বছর বয়সী ছেলে মো. রায়হানের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়হানকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা এবং চলাচলের সুবিধার্থে একটি ট্রাইসাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
রায়হানের পড়াশোনা ১৮ বছর বয়স পর্যন্ত চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
রায়হানের মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। একজন শিশুর এভাবে ডান পা হারানোর ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রায়হান ও তার পরিবার অত্যন্ত অসহায়। তাই তার চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন ও ভবিষ্যৎ জীবনযাপনে প্রয়োজনীয় সহায়তা নিয়ে উপজেলা প্রশাসন পাশে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, মানবিকতার জায়গা থেকে রায়হানের পাশে দাঁড়ানো হয়েছে। তার স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।