ট্রান্সফরমার চুরির অভিযোগে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মিয়াকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার ১৬ সেপ্টেম্বর মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্যসচিব আব্দুল হামিদ বুরহানের সই করা বহিষ্কারাদেশে বিষয়টি জানানো হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাসেল মিয়াকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের দলীয় ও সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে থাকবেন।
পুলিশ জানায়, গত দুই মাসে মাদারগঞ্জে অন্তত ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসব ঘটনার বিষয়ে তদন্ত চলছে।