নড়াইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মো. তরিকুল ইসলাম নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত তরিকুল ইসলাম লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি ঈশানগাতী গ্রামের মৃত ইকলাস মোল্যার ছেলে।
বুধবার সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী চাকরির কারণে ঢাকায় থাকেন। এ সুযোগে তরিকুল ইসলাম বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল অঙ্গভঙ্গি করতেন বলে অভিযোগ করা হয়েছে।
কুপ্রস্তাবে রাজি না হওয়া এবং বিষয়টি স্বামীকে জানিয়ে দেওয়ায় তরিকুল ওই গৃহবধূর ওপর ক্ষিপ্ত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
মামলা সূত্রে আরও জানা যায়, গত ৩১ আগস্ট রাত আড়াইটার দিকে বাড়িতে থাকা হাঁস মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দ শুনে ঘর থেকে বের হন ওই গৃহবধূ। হাঁস মুরগি দেখে তিনি ঘরে ফেরার সময় পেছন থেকে তাকে জাপটে ধরেন তরিকুল ইসলাম।
এ সময় আরও দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তির সহযোগিতায় তরিকুল ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনে তার মেয়ে ঘুম থেকে উঠে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে জানতে তরিকুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন, বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।