গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এতে ওই নারীর মুখের আকৃতি বিকৃত হয়ে যায়। পরে স্ত্রীকে তালাক দেওয়ার পর নারী নির্যাতনের মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে। ভুক্তভোগী রিক্তা আক্তার উপজেলার আদারভিটা ইউনিয়নের বাশদাইড় গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বীর গোপালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মাইক ও শব্দ পরিচালনাকারী ওবায়দুল ওরফে ডিজে ওবায়দুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

রিক্তা আক্তারের ভাষ্য, গত বছর বৈদ্যুতিক দুর্ঘটনায় তার স্বামীর একটি হাত ক্ষতিগ্রস্ত হয়। সে সময় তিনি স্বামীর চিকিৎসার জন্য পাশে থেকে সহযোগিতা করেন। পরে চিকিৎসার মাধ্যমে ওবায়দুল সুস্থ হয়ে ওঠেন।

তবে সুস্থ হওয়ার পর ওবায়দুল টিকটক ও পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন রিক্তা। কয়েক মাস আগে এসব বিষয়ে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে রান্না করা গরম ডাল তার মুখে ছুড়ে মারেন ওবায়দুল। এতে তার মুখ ঝলসে যায় এবং দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও মুখের আকৃতি স্বাভাবিক হয়নি বলে জানান তিনি।

রিক্তার অভিযোগ, এরপরও ওবায়দুল টিকটকের মাধ্যমে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং তার ওপর নির্যাতন চালিয়ে যেতে থাকেন। একপর্যায়ে গত সপ্তাহে তাকে তালাক দেন ওবায়দুল।

পরে এ ঘটনায় রিক্তা আক্তার নারী নির্যাতনের মামলা করেন। মামলার পর মাদারগঞ্জ মডেল থানার পুলিশ গত মঙ্গলবার রাতে ওবায়দুলকে গ্রেফতার করে। বুধবার ১৬ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

তবে গ্রেফতারের পর ওবায়দুল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার স্ত্রীর মৃগীরোগ রয়েছে। কাজ করার সময় মৃগীরোগের সমস্যা দেখা দিলে তিনি গরম পানিতে পড়ে যান। স্ত্রীর চিকিৎসার পুরো খরচ তিনিই বহন করেছেন বলেও দাবি করেন তিনি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহসীষ রায় ওবায়দুলকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970