বগুড়ায় চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পিএম
বগুড়ার শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির অভিযোগে করা মামলায় উপজেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জাকারিয়া সরকার জীবন। তাঁর বয়স ৩২ বছর। তিনি শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভীমজানী গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। জাকারিয়া শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর বিকেলে শেরপুর পৌর শহরের ফলপট্টি এলাকায় মেসার্স সায়েম ট্রেডার্স ও সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কার্যালয়ে কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে জাকারিয়া প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, সেখানে তাঁরা হামলা ও ভাঙচুর চালানোর পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন।
ঘটনার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে জাকারিয়াকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জয়নুল আবেদীন বলেন, হামলা ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।