বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহসিনুর রহমান মুর্শেদের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার বহরা ইউনিয়নের উত্তর শিক গ্রামের বাড়িতে এ চুরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিনুর রহমান মুর্শেদ পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তার ছোট ভাই মিশু পোল্যান্ডের নাগরিক। ফলে বাড়িটি বেশির ভাগ সময়ই ফাঁকা থাকে। এই সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে চুরি করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
চোরেরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বিভিন্ন কক্ষের আসবাবপত্র ও মালামাল তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার, আইপিএস, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
চুরির ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে তাৎক্ষণিকভাবে চুরি যাওয়া মালামালের পরিমাণ ও মোট ক্ষয়ক্ষতির হিসাব জানা যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।