চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি, বিএনপি নেতা গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পিএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং তা না দিলে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ গাজী নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ফরিদ গাজী বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল। তার বয়স ৫৩ বছর। তিনি বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে। ঢাকায় তিনি আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় গোবিন্দ চন্দ্র মণ্ডলের পক্ষে প্রচারণামূলক পোস্টার ও ফেস্টুন লাগানো হয়। এর পর ফরিদ গাজী তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মুঠোফোনে গোবিন্দ চন্দ্র মণ্ডলকে পুড়িয়ে মারার হুমকি দেন ফরিদ গাজী। ফোনালাপে তাকে ব্যবসায়ীকে পুড়িয়ে মারার কথা বলতে শোনা যায় বলে অভিযোগ করা হয়েছে।

গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, হুমকি পাওয়ার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ গাজী বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তবে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, মূল আহ্বায়ক কমিটির তালিকায় ফরিদ গাজীর নাম ছিল না। জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা কমিটিতে নতুন করে যাদের অন্তর্ভুক্ত করা হয়, তাদের মধ্যে তিনি সদস্যপদ পেয়েছেন।

আপেল মাহমুদ ফিরোজ আরও বলেন, বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি জেলা কমিটিই সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই ফরিদ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970