মিডিয়াকে ‘সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পিএম
কুড়িগ্রামের রৌমারীতে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় গণমাধ্যমকে ‘সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করেছেন চর রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান।
শনিবার দুপুরে রৌমারী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত রৌমারী ও চর রাজিবপুরের সার ডিলার এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মোখলেছুর রহমান বলেন, ছোটখাটো নেতিবাচক সংবাদ এমনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার কারণে সরকার বিব্রত ও প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রশাসনের সহযোগী হিসেবে যারা কাজ করতে চান, গণমাধ্যমের কারণে তাদেরও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রাজিবপুরে সার লুটের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার দাবি, সেখানে সার লুট হয়নি, বরং সারাদিন সার বিতরণ করা হয়েছে। তবে সেই ইতিবাচক খবর প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
সভায় সারের কোনো সংকট নেই দাবি করে প্রশাসনকে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি প্রচারের পরামর্শ দেন বিএনপির এই নেতা।
এদিকে, গণমাধ্যমকে ‘সন্ত্রাস’ বলার মন্তব্যের বিষয়ে মোখলেছুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, তিনি বিষয়টি শুনেননি এবং মন্তব্যটি কতটুকু সত্য, তাও জানেন না। তবে মোখলেছুর রহমান এমন কথা বলে থাকলে তা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অনেকেই সার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত না জেনেই প্রতিবেদন করেন, যা সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সার ডিলার, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।