অপ্রতিম হত্যা মামলায় চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার ২০ সেপ্টেম্বর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির কাছে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
কুমিল্লার আদালতে কর্মরত এক গোয়েন্দা কর্মকর্তা রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ, কামরুল হাসান ও মো. সিয়ামকে রোববার বিকেলে আদালতে হাজির করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চারজনই হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
রাত সাড়ে ৮টা পর্যন্ত তারা আদালতে অবস্থান করছিলেন। আদালতের প্রক্রিয়া শেষ হলে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।
কুমিল্লা কোর্ট থানা পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর আসামিদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।
জানা যায়, শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তার সঙ্গে থাকা আইফোন নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে চারজন অংশ নেয় বলে জানা গেছে।
পুলিশ চারজনকে শনাক্ত করে আটক করার পর অপ্রতিমের বাবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখায়। পরে আদালতে হাজির করা হলে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। ঘটনাটি এরই মধ্যে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।