আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ, প্রাণ গেল নারীর

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণের পর আগুনে জয়নব বেগম নামে ৫৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। বিস্ফোরণের সময় সিলিন্ডারের লোহার টুকরা ছিটকে এসে পাশের দর্জির দোকানে থাকা ওই নারীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার এফ অ্যান্ড এফ পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত আশপাশে থাকা কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে। এতে একটি মালবাহী কাভার্ডভ্যান পুড়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে এফ অ্যান্ড এফ পোশাক কারখানায় ছুটি হলে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যান। এর প্রায় দুই ঘণ্টা পর কারখানার বাউন্ডারির ভেতরে থেমে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই লরিটির আশপাশে থাকা কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।

বিস্ফোরণের সময় গ্যাস সিলিন্ডারের লোহার একটি টুকরা ছিটকে কারখানার পাশের দর্জির দোকানে গিয়ে পড়ে। সেখানে থাকা জয়নব বেগমের মাথায় টুকরাটি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আশপাশে থাকা আরও কয়েকজন আহত হন।

নিহত জয়নব বেগম গাজীপুরের কাশিমপুরের ইছরকান্দি এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। তিনি জামগড়ায় মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। যে দর্জির দোকানে তিনি ছিলেন, সেটিও তাঁর মেয়ের।

জয়নবের মেয়ে জানান, ঘটনার সময় তিনি ও তাঁর মা দর্জির দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাঁরা বিকট শব্দ শুনতে পান। কিছু বুঝে ওঠার আগেই তাঁর মা মাটিতে লুটিয়ে পড়েন। পরে কারখানার সামনে আগুন দেখতে পান। এ সময় পোশাক কারখানার শ্রমিকসহ আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। ঘটনাস্থলেই তাঁর মায়ের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী সুমন মিয়া বলেন, ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরি হওয়ায় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাঁরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সোমেন বড়ুয়া জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁদের স্টেশন থেকে দল রওনা দেয়। বাইপাইল সড়কে যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, কারখানার গেটের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি লরিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিস্ফোরণের সময় গ্যাস সিলিন্ডারের লোহার টুকরা ওই নারীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাত ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970