সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:২১ পিএম

ছবি: সংগৃহীত

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজরা নেতৃত্বে চলে আসেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের সমাজব্যবস্থা এমন হয়ে গেছে যে সৎ ও ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। রাজনীতি করার উপযুক্ত পরিবেশও তৈরি করা যায়নি।

বুধবার ২১ অক্টোবর বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে স্পিকার বলেন, ইথিওপিয়ার সঙ্গে তুলনা করলে বাংলাদেশ কোথায় চলে গেছে, তা বোঝা যায়। দেশের সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা সমাজের বড় নেতা হয়ে উঠেছেন। এ জন্য তিনি কাউকে এককভাবে দায়ী না করে সমাজব্যবস্থাকে দায়ী করেন। তবে দেশ এ অবস্থায় থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলের দুঃশাসন থেকে মুক্ত হওয়ার পর আগামী দিনে বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহর রহমত থাকবে বলে তিনি আশা করেন। দেশে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলেও মন্তব্য করেন স্পিকার।

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আয়নাঘর নামে নির্যাতনকেন্দ্রের অস্তিত্ব সম্পর্কে আগে অনেকেই জানতেন না। আওয়ামী লীগের পতনের পর এসব নির্যাতনকেন্দ্রের বিষয় সামনে এসেছে। সেখানে বহু মানুষকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে এবং বিচারবহির্ভূতভাবে অনেককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, আওয়ামী লীগ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং প্রশাসন ও সামরিক বাহিনীকে ক্ষতিগ্রস্ত করেছে।

স্পিকার বলেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক ব্যক্তিদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে অনেককে কারাগারে পাঠানো হয়েছে। এসব পরিস্থিতি থেকে মুক্তির জন্য মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একসময় শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগ পালায় না। কিন্তু বর্তমানে দলটির নেতারা কোথায়, সেই প্রশ্নও তোলেন তিনি। এ সময় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে রেখে দেশত্যাগের অভিযোগ করেন স্পিকার।

নিজের সততার প্রসঙ্গ তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন। কেউ জমি বা বাড়িঘর দখল করলে কিংবা সাধারণ মানুষকে হয়রানি করলে প্রথমে স্থানীয় নেতাদের জানাতে বলেন তিনি। আর স্থানীয় নেতাদের কেউ এসব কাজে জড়িত থাকলে তাকে সরাসরি জানানোর আহ্বান জানান স্পিকার। এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করে বর্তমানে সাধারণ সদস্য হিসেবে রয়েছেন এবং নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করছেন। তজুমদ্দিনে কোনো ধরনের অপকর্ম, মাস্তানি বা চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970