বিষপানের পর হাসপাতালে এনসিপি নেতা তানভীরুলের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:০৪ পিএম
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির নেতা তানভীরুল ইসলাম মারা গেছেন। বিষপানের পর অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
তানভীরুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামে। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার টেক্সটাইল এলাকার ভাড়া বাসায় বিষপানের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তানভীরুল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। বুধবার রাতে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হয়।
তানভীরুলের মৃত্যু প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর সদস্য সচিব আরিফ মইনুদ্দিন জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তানভীরুল। তার কোমরের এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধা ছিলেন।
আরিফ মইনুদ্দিন আরও জানান, গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন তানভীরুল। ক্ষতস্থানে সংক্রমণের কারণে তাকে নিয়মিত হাসপাতালে যেতে হতো। তীব্র ব্যথার কারণে তিনি প্রায়ই খুঁড়িয়ে হাঁটতেন এবং কষ্টে কান্নাকাটি করতেন। দীর্ঘদিনের এই শারীরিক যন্ত্রণা তার জন্য অসহনীয় হয়ে উঠেছিল বলে মনে করেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, ময়নাতদন্ত শেষে তানভীরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।