রিসোর্টের পর এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে দ্য সি প্রিসেন্স নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। এ সময় হোটেলে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার পরপরই তারা নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন খালিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে হোটেলের পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতা ও দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি।

এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ পর্যটকের মৃত্যু হয়। সেই ঘটনার কয়েক দিনের ব্যবধানে এবার সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিসেন্স আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটল।

তবে এবার দ্রুত পদক্ষেপ নেওয়ায় হোটেলে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970