‘নারীদের শিবিরের চেয়ে বেশি নিরাপত্তা কোনো সংগঠন দিতে পারবে না’
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে দেখানোর চেষ্টা করা হয়েছে যে ইসলামী ছাত্রশিবিরের হাতে নারীরা অনিরাপদ। ছাত্রশিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং ও ট্যাগিং করা হয়েছে। শিবিরকে দানব আকারে হাজির করা হয়েছে, ভয়ানক আকারে। তিনি বলেন, “নারীদের শিবিরের চেয়ে বেশি নিরাপত্তা কোনো সংগঠন দিতে পারবে না।”
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজশাহী কলেজ মাঠে কলেজের অনার্স প্রথম বর্ষ ও উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণে ‘ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সাদিক কায়েম এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির।
সাদিক কায়েম আরও বলেন, রাজশাহী কলেজের ছাত্র সংসদ নির্বাচনসহ সারা দেশের সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজন করতে হবে। “ছাত্র সংসদই ক্যাম্পাসের সব সমস্যা সমাধানের মূল চাবিকাঠি। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই আবাসন সমস্যা থেকে শুরু করে যাবতীয় সমস্যা সমাধান করবে।”
তিনি বলেন, বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন চলাকালীন সময়ে বলা হয়েছিল শিবিরকে নারীরা পছন্দ করে না। ভোট দেবে না। কিন্তু বাস্তবে দেখা গেছে, শিবিরকে এই দেশের মানুষ তাদের সবচেয়ে প্রিয়জন হিসেবে গ্রহণ করেছে। “শিবিরের হাতেই দেশের মানুষ নিরাপদ।”
অনুষ্ঠানে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহেদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি শামীম উদ্দীন এবং রাজশাহী মহানগরের সাবেক সভাপতি সিফাত উল আলম।